Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

বিল গেটস ফাউন্ডেশনের পুরস্কার না নিতে প্রধানমন্ত্রীকে আবেদন আরএসএস স্বীকৃত সংস্থা স্বদেশি জাগরণ মঞ্চের

বিল গেটস ফাউন্ডেশনের পুরস্কার না নিতে প্রধানমন্ত্রীকে আবেদন আরএসএস স্বীকৃত সংস্থা স্বদেশি জাগরণ মঞ্চের

স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য আমেরিকায় বিল গেটসের সংস্থার পক্ষ থেকে পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দরবারে নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত প্রকল্পের এই স্বীকৃতিতে খুশি গেরুয়া শিবিরে। কিন্তু আনন্দের এই আবহে বেসুরো গাইল আরএসএস স্বীকৃত সংস্থা স্বদেশি জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রীকে পুরস্কার না নিতে অনুরোধ জানালেন স্বদেশি জাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বীকৃত স্বদেশি জাগরণ মঞ্চের আপত্তি ঠিক কোথায়? সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়ার খবর দিয়ে একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি লেখেন, এবার আমেরিকা সফরে গিয়ে স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের (বিএমজিএফ) পক্ষ থেকে দেওয়া সম্মান গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কিছুক্ষণের মধ্যেই জিতেন্দ্র সিংহের ট্যুইটকে ট্যাগ করে পাল্টা ট্যুইট করেন স্বদেশি জাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন। তিনি ট্যুইটে লেখেন, ‘বিএমজিএফের কুখ্যাত অতীতের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ জানাই। বিএমজিএফ মোটেও মানব কল্যাণের কাজে রত নয়। আসলে মানুষের কল্যাণের মুখোশের আড়ালে তারা ব্যবসা করে। এবং ব্যবসা বাড়াতে বিভিন্ন সময় এই সংগঠনের বিরুদ্ধে বেআইনি এবং অনৈতিক মেডিকেল পরীক্ষা করার অভিযোগ উঠেছে’।

মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে ভারতে কাজ করছে। যদিও আরএসএস বরাবরই বিএমজিএফের বিরোধিতা করে এসেছে। স্বদেশি জাগরণ মঞ্চের অভিযোগ, ভারতের বিশাল বাজারকে আরও ভালোভাবে কবজা করতেই মার্কিন মুলুকে প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগঠনটি।
২০১৫ সালে ভক্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বিএমজিএফের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সংগঠনে স্বচ্ছতার অভাবের প্রশ্নও উঠেছিল। এবার স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য সেই সংগঠনের হাত থেকেই পুরস্কার নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে আপত্তি তুলল আরএসএসের স্বীকৃত সংস্থা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation