Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সেনার কাজ রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার রুখতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রাক্তন নৌসেনা প্রধান

সেনার কাজ রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার রুখতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রাক্তন নৌসেনা প্রধান

নির্বাচনী ফায়দা তোলার জন্য দেশের সেনা বাহিনীর কাজ নিয়ে রাজনৈতিক প্রচার বন্ধ করুক সব রাজনৈতিক দল, এই ভাষাতেই নির্বাচন কমিশনারকে খোলা চিঠি দিলেন দেশের প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাস।
সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলা, বালাকোট এয়ার স্ট্রাইক বা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পাক মাটিতে বন্দি হওয়া এবং মুক্ত হয়ে তাঁর দেশে ফেরা, বিভিন্ন ঘটনা নিয়ে নির্বাচনী প্রচার করছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এতে চরম আপত্তি প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাসের। তাঁর দাবি, সেনাদের বীরত্বকে নিজেদের নির্বাচনী ফায়দায় ব্যবহার করছে দেশের রাজনৈতিক দলগুলি। এই ব্যাপারে অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে একটি খোলা চিঠি পাঠালেন প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাস।
চিঠিতে অ্যাডমিরাল রামদাস লেখেন, লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে কোনও রাজনৈতিক দলেরই উচিত নয় সেনা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও কাজ নিয়ে প্রচার করা। নির্বাচনের আগে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সেনার বীরত্ব বা কোনও যুদ্ধবাদী বার্তা দিয়ে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা থেকে বিরত থাকুক সব রাজনৈতিক দল। তাঁর মতে, বিভিন্ন রাজনৈতিক প্রচারে দেশের সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
দু’পাতার ওই চিঠিতে অ্যাডমিরাল রামদাস লিখেছেন, ভারতীয় সেনার গর্ব যে, তাঁরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিরপেক্ষভাবে শুধুমাত্র দেশের জন্য কাজ করেন। কিন্তু কিছু রাজনৈতিক দল নিজেদের অ্যাজেন্ডা পূরণ করতে সেনাবাহিনীর ছবি বা কাজকে রাজনৈতিক ব্যক্তিদের নামের সঙ্গে জুড়ে প্রচার চালাচ্ছেন। তাই একজন দায়িত্ববান নাগরিক ও গর্বিত প্রাক্তন সেনাপ্রধান হিসেবে নির্বাচন কমিশনারকে এই ব্যাপারে অবহিত করা কর্তব্য বলে মনে করেছন অ্যাডমিরাল এল রামদাস। নির্বাচন কমিশনারকে তিনি আবেদন করেন, কোনও রাজনৈতিক দল যাতে সেনাদের ছবি বা প্রতিবেদন ব্যবহার করে রাজনৈতিক প্রচার করতে না পারে, সে বিষয়ে নির্দেশিকা জারি করুক নির্বাচন কমিশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation