Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

‘সৌরভের উপর রাজনৈতিক চাপ ছিল’, কেন এই মন্তব্য করলেন অশোক ভট্টাচার্য?

‘সৌরভের উপর রাজনৈতিক চাপ ছিল’, কেন এই মন্তব্য করলেন অশোক ভট্টাচার্য?

সৌরভ গাঙ্গুলিকে বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরতে চলেছে বিজেপি। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে এই জল্পনা তীব্র হচ্ছিল। এই প্রেক্ষিতে সৌরভের অসুস্থতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিলিগুড়ির পুরপ্রশাসক ও সিপিএম নেতা তথা ‘দাদা’ র দীর্ঘদিনের পরিচিত অশোক ভট্টাচার্য। রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালে সৌরভকে দেখতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পরে সংবাদমাধ্যমের সামনে তাঁর মন্তব্য,’রাজনৈতিক স্বার্থসিদ্ধি’র জন্য কেউ কেউ সৌরভকে ব্যবহার করছেন। তাঁর উপর ‘চাপ’ তৈরি করা হচ্ছিল!

সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিনের ঘনিষ্ঠ অশোকবাবুর এই মন্তব্য ‘দাদা’কে নিয়ে চলা রাজনৈতিক জল্পনাই উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে নিজের অ্যাকাডেমি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া জমি কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার নেপথ্যেও কি ‘রাজনৈতিক চাপ’ ছিল?

সৌরভ বিজেপির ২০২১- এর বিধানসভা ভোটের মুখ হতে পারেন, এই জল্পনা দীর্ঘদিনের। যদিও বারবার ঘনিষ্ঠ বৃত্তে সৌরভ জানিয়েছেন রাজনীতিতে আসার কোনও অভিপ্রায় তাঁর নেই। ক্রিকেট প্রশাসকের ভূমিকাতেই তিনি ভালো আছেন। কিন্তু এর মধ্যে কয়েকদিন আগে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে সৌরভের ‘সৌজন্য সাক্ষাৎ’ এবং তার পর দিল্লির ফিরোজ শাহ কোটলার অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চ শেয়ার করায় ঘনীভূত হয় জল্পনা। এমনও শোনা যায়, বাংলায় ‘দিদি’ মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মুখ হিসেবে ‘দাদা’ সৌরভকে বঙ্গ ভোটে প্রোজেক্ট করতে চাইছে বিজেপি। এ নিয়ে সৌরভের উপর কোনও চাপ তৈরি হচ্ছিল? সেই প্রশ্নই উস্কে দিয়েছেন অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জেএমবি জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

রবিবার তিনি বলেন, ‘সৌরভ তো স্বাভাবিকভাবে যে জগতে আছে, সেই জগতে থাকতে চায়। আমিও ওকে বলেছি, আমি চাই না যে তুমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত হও। ও আমার সঙ্গে দ্বিমত পোষণ করেনি।’ অশোকবাবুর আরও মন্তব্য, কেউ কেউ মনে করছে, তাঁকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। গোটা বিষয়টাতে একটা চাপ তো তৈরি হয়। ওঁর ওপর যে চাপ তৈরি হয়েছিল সেটা কাম্য নয়।’ তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে মানসিক বা রাজনৈতিকভাবে সৌরভের উপর কোনওরকম চাপ সৃষ্টি যেন না হয়।

সৌরভের সঙ্গে অশোকবাবুর সম্পর্ক বহুদিনের। অশোকবাবুকে ‘কাকু’ বলে সম্বোধন করেন মহারাজ। কিছুদিন আগে শিলিগুড়ি সফরে গিয়ে সৌরভ অশোকবাবুকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। দলীয় বৈঠক ও বিধানসভার কাজে কলকাতায় এসে সৌরভের বাড়িতেও গিয়েছিলেন সিপিএম নেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন। এরপরেই সৌরভের অসুস্থতায় বিস্ফোরক দাবি করলেন অশোকবাবু।

সৌরভের মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাক সহ একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন। আবার উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীও সৌরভকে দেখতে হাসপাতালে যান। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে সৌরভের খোঁজ নিয়েছেন। প্রয়োজনে সৌরভকে বিদেশে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, কেন্দ্রের সবরকম সাহায্য পাবেন তিনি।

আরও পড়ুন: বামেদের ব্রিগেডে বাড়ছে ভিড়, বুদ্ধদেব ভট্টাচার্য কি যাবেন? প্রশ্ন, জল্পনা দলের অন্দরে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal