১০০ দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্রকে, জানাল কলকাতা হাইকোর্ট
অবশেষে আদালতে মিলল কেন্দ্রের বঞ্চনার বিচার। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে বাংলায় ফের ১০০ দিনের কাজ শুরু করতে হবে। বুধবার নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ১০০ দিনের কাজের মতো জনস্বার্থ মূলক প্রকল্প চিরতরে বন্ধ করে দেওয়া যায় না। বাংলার মানুষের স্বার্থে অতীত ও ভবিষ্যতের সীমারেখা নির্ধারণ করে কেন্দ্রকে এই প্রকল্পের কাজ ফের শুরু করতে হবে।
এই নির্দেশের সঙ্গে সঙ্গেই মান্যতা পেল রাজ্য সরকার এবং সংগঠনগুলির লড়াইও, যা তিন বছর ধরে তারা চালিয়ে গিয়েছে। বিচার পেল বাংলার মানুষ।
পশ্চিমবঙ্গে গত তিন বছর দু’মাস ধরে ১০০ দিনের কাজ বন্ধ। দিল্লিতে দরবার, চিঠি, বারবার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো এবং অবশেষে মামলা।
এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কি না, তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র সেই ক্ষমতা প্রয়োগ করুক। কিন্তু এই প্রকল্পের কাজ চালু রাখতে হবে।
১০০ দিনের কাজ নিয়ে মামলা করেছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। তাদের অভিযোগ ছিল, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না।
Comments are closed.