পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করতে শিল্প সদনে গেলেন সিবিআইয়ের তিন অফিসার। সোমবার পার্থ চ্যাটার্জির কাছ থেকে জবাব পাওয়ার পর, সিবিআই আধিকারিক তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান। এদিন ১১.৩০ নাগাদ সিবিআইয়ের তিন অফিসার শিল্প সদনে যান তৃণমূল মহাসচিবের সঙ্গে কথা বলতে।
উল্লেখ্য, সোমবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চ্যাটার্জির। এদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে, সিবিআইকে জানান শিল্পমন্ত্রী। ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি এদিন যেতে পারছেন না বলে জানান তৃণমূলের মহাসচিব।
সামনেই ভবানীপুরে উপনির্বাচন, এছাড়াও রাজ্যের দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় তিনি হাজির হতে পারবেন না বলে ইমেলে উল্লেখ্য করেছিলেন। সূত্রের খবর, তৃণমূল মহাসচিব আরও জানান, বয়েসের নিরিখে তিনি একজন বর্ষীয়ান নাগরিক। এই পরিস্থিতিতে তাঁর সিবিআই দফতরে যাওয়া সম্ভব না। সেই সঙ্গে সিবিআইকে তিনি আরও জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে এজেন্সির আধিকারিকরা তাঁর বাড়িতে অথবা অফিসে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
সেই মতো সোমবার সিবিআই আধিকারিকরা শিল্প সদনে পৌঁছেছেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য।

