দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। বাইপাস সংলগ্ন এলাকায় রেলের জমিতে দীর্ঘ দিন ধরে বসবাসকারী অবৈধ ঝুপড়িগুলি ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে। রেল সূত্রে খবর, প্রায় ১০০টি পরিবার দীর্ঘ দিন ধরে এখানে বেআইনিভাবে বসবাস করছিল।
উচ্ছেদের কারণ ও রেলের যুক্তি রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের পাশেই এই ঝুপড়িগুলি গড়ে উঠেছিল। ফলে নিকাশি নালাগুলি ঠিকমতো পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। প্রতি বর্ষায় রেললাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের ছিল। এই পরিস্থিতি মোকাবিলাতেই রেলের তরফে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। রেললাইনের সুরক্ষা এবং সুষ্ঠু ট্রেন পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।
প্রশাসনিক নিরাপত্তা ও প্রস্তুতি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। অভিযানের সময় মাইকিং করে রেলের তরফে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঝুপড়িগুলির ভেতর যাতে কেউ না থাকে, তা নিশ্চিত করতে বারবার ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: পর্যটকেদের জন্য সু’খবর, পুজোয় উত্তরবঙ্গের জন্য থাকছে বিশেষ ট্রেন
হাওড়ার এই উচ্ছেদ অভিযানের ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে যেমন উদ্বেগ দেখা দিয়েছে, তেমনই প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই উচ্ছেদের পর ওই পরিবারগুলির পুনর্বাসন বা পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি।




