Take a fresh look at your lifestyle.

যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে উত্তর প্রদেশে সম্পাদক, সাংবাদিক সহ গ্রেফতার ৪

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে এক বেসরকারি চ্যানেলের মালিক, সম্পাদক, সাংবাদিক সহ মোট ৪ জনকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে ফেসবুক ও ট্যুইটারে অপমানজনক ও অবমাননাকর ভিডিও পোস্ট করার অভিযোগে শনিবার প্রশান্ত কানোজিয়া নামে এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেফতার করেছিল পুলিশ। ওইদিন কয়েক ঘন্টা বাদে ‘নেশন লাইভ’ নামে একটি সংবাদ চ্যানেলের মালিক ও সম্পাদককে গ্রেফতার করা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রবিবার আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সাংবাদিক মহলে।

‘The Wire’সহ একাধিক প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে ফ্রিল্যান্স রিপোর্টিংয়ের কাজ করেন বছর ছাব্বিশের প্রশান্ত কানোজিয়া। গত ৬ ই জুন নিজের ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। হেমা সাক্সেনা নামে জনৈক মহিলার সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের ওই ভিডিওতে, মহিলাকে বলতে শোনা যায়, যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর ভিডিও কনফারন্সে কথা হয়। তিনি এও জানান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি গোটা জীবন কাটাতে চান। ভিডিওটি পোস্ট করার সময় প্রশান্ত কানোজিয়া ক্যাপশনে লেখেন, ‘ইশক ছুপতা নেহি ছুপানে সে’ (ভালোবাসা লুকোনো যায় না)। সংশ্লিষ্ট ভিডিও পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এই অভিযোগে সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে লখনউ পুলিশ। ওই দিনই ‘নেশন লাইভ’ নামে একটি খবরের চ্যানেলে যোগী আদিত্যনাথকে নিয়ে ‘বিতর্কিত’ ও তথ্য যাচাই না করে খবর পরিবেশনের অভিযোগে, সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের মালিক ইশিকা সিংহ ও চ্যানেলের সম্পাদক অনুজ শুক্লাকে নয়ডা থেকে গ্রেফতার করা হয়। ঘটনায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে বলে তীব্র প্রতিক্রিয়া দেয় এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা, এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।

এর পর রবিবার রাতে আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যোগীর গড় গোরখপুরের এক বাসিন্দা ট্যুইটারে মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য পোস্ট করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তির মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

Comments are closed.