Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

লোকসভার ফল এবং জেলাজুড়ে গণ্ডগোলের জেরে উত্তর ২৪ পরগনায় তৃণমূলে সাংগঠনিক রদবদল, শুক্রবারও অশান্ত ভাটপাড়া

শুক্রবার ১৪৪ ধারার মধ্যে অশান্তি ভাটপাড়ায়

লোকসভার ফল এবং জেলাজুড়ে গণ্ডগোলের জেরে উত্তর ২৪ পরগনায় তৃণমূলে সাংগঠনিক রদবদল, শুক্রবারও অশান্ত ভাটপাড়া

অশান্তি অব্যাহত ভাটপাড়ায়। ১৪৪ ধারা জারির মধ্যে শুক্রবারও বোমাবাজি হয় বারাকপুরের ভাটপাড়া, কাঁকিনাড়া বাজারে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বন্ধ এলাকার স্কুল থেকে দোকানপাট, বিপর্যস্ত স্বাভাবিক জীবন-যাপন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগে কলকাতার রাজপথে মিছিল করে রাজ্য বিজেপির নেতৃত্ব।
এদিকে ভাটপাড়া সহ উত্তর ২৪ পরগনার নানা জায়গায় গণ্ডগোল, সংঘর্ষের পর এবার তৃণমূলের অন্দরেও শুরু হল রদবদল। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার নেতা এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটা যাচ্ছে। জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রে পাঁচ জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বারাকপুর লোকসভা দেখবেন নির্মল ঘোষ। দমদম লোকসভার দায়িত্বে তাপস রায়। বারাসত লোকসভা দেখবেন রথীন ঘোষ। বনগাঁ লোকসভার দায়িত্বে গোবিন্দ দাস এবং বসিরহাট লোকসভার দায়িত্বে সুজিত বসু। লোকসভা ভোটে এই জেলায় বারাকপুর এবং বনগাঁ আসনে হেরে যায় তৃণমূল। পাশাপাশি, ভোটের পর থেকেই কখনও উত্তপ্ত হয়েছে সন্দেশখালি, তো কখনও বারাকপুর। সেই কারণেই জেলার দায়িত্ব একাধিক নেতার মধ্যে ভাগ করে দেওয়া হল বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার বোমাবাজি আর গুলিবৃষ্টিতে অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল। গুলি লেগে মৃত্যু হয় ২ জনের। আহত হন এক স্কুল শিক্ষক সহ ৫ জন। গুলি লেগে মৃত্যু হওয়া রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের দেহ নিয়ে শুক্রবার মিছিল করে বিজেপি। কালো ব্যাজ পরে মিছিলে পা মেলান বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ, ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ সহ বিজেপি নেতৃত্ব।
এদিন রাস্তায় টহল দেওয়ার সময় দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই লাগাতার হিংসার ঘটনা ঘটছে ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়ার বিস্তীর্ণ এলাকায়। এদিকে ভাটপাড়ার পরিস্থিতি জানতে সেখানে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল যাচ্ছেন। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেবে ওই প্রতিনিধি দল।
বৃহস্পতিবার প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কোনও রাজনীতির রং না দেখে যেন অপরাধীদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: তাপমাত্রা একধাক্কায় ২ ডিগ্রি বাড়লেও ফের শীতের স্পেলের অপেক্ষায় বঙ্গবাসী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal