ফের একধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা। শীতের আমেজ শহরে। কুড়ির ঘরে নামল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে নিম্নচাপ কাটলেই তাপমাত্রা আরও কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আছড়ে পড়ার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমে গিয়েছিল তাপমাত্রা। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে। তবে তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি ঘোরফেরা করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: উচ্চশিক্ষা-কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে নবান্ন; নভেম্বরে শুরু বিশেষ অভিযান
আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাত চলছে। আগামী ১১ তারিখ পর্যন্ত সেখানে বৃষ্টি থাকবে বলেই জানা গিয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ নামবে।
এরআগে অক্টোবর মাসে ২০ ডিগ্রি নেমেছিল তাপমাত্রার পারদ। সেইদিন অক্টোবর মাসেই নিরিখে শীতলতম দিন ছিল। এরপর থেকে তাপমাত্রার পারদ ২২ থেকে ২৫ এর মধ্যে ঘোরাফেরা করছে।




