মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। তাই আগামী কয়েক দিন বাংলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস।
নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস আগে দিয়েছিল আলিপুর আবহাওয়া হঅফিস। বৃহস্পতিবার তার মেয়াদ আরও কয়েক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাবের আকাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখাটি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল, সেটি আরও কিছুটা শক্তিশালী হয়েছে।
এর জেরে দক্ষিণের জেলাগুলিতে সন্ধের পর ঝড়–বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই নিম্নচাপ অক্ষরেখার প্রভাব কাটার প্রায় সঙ্গেই সঙ্গেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি ওয়েদার সিস্টেম।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৭ মে নাগাদ পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা খুব প্রবল।




