Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

নতুন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, বারাকপুরে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা নবান্নর

সৌরভ দাস হলেন রাজ্য নির্বাচন কমিশনার

নতুন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, বারাকপুরে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা নবান্নর

রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট চলাকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এতদিন মুখ্য সচিব মলয় দে-ই তাঁর কাজ চালাচ্ছিলেন। রবিবার শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধি। তারপর দিনই নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে ঘোষণা করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা রুখতে বারাকপুরের সিপি সহ গোটা রাজ্যেরই পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে।

সম্প্রতি কালীঘাটে পর্যালোচনা বৈঠকের পর দলীয় সংগঠনেও বিভিন্ন বদল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাত দিলেন প্রশাসনে। রবিবারই কলকাতা ও বিধাননগরের সিপি হিসেবে অনুজ শর্মা এবং জ্ঞানবন্ত সিংহকে ফিরিয়ে আনা হয়। এডিজি সিআইডি পদে ফেরানো হয় রাজীব কুমারকে। নির্বাচন চলাকালীন এই বদলগুলো করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই ফের পুরনো পদে ফিরলেন রাজীব কুমার, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংহরা। একমাত্র ব্যতিক্রম অত্রি ভট্টাচার্য। ভোটের সময় রাজীব কুমারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বদলি করার পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকেও। রাজীব কুমার স্বপদে ফিরলেন ঠিকই কিন্তু অত্রি ভট্টাচার্যকে ফেরাল না রাজ্য সরকার। তাঁর জায়গায় ঘোষণা হল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম। বর্তমানে শিল্প সচিবের দায়িত্বে রয়েছে আলাপন। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন সৌরভ দাস, বলে নবান্ন সূত্রে খবর।

এদিকে অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তপ্ত বারাকপুর এলাকা। রোজই রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। এই প্রেক্ষিতে অত্যন্ত তাত্পর্যপূর্ণ সিদ্ধান্ত নবান্নের। বারাকপুরের নতুন সিপি ডি পি সিংহকে নবান্নের নির্দেশ, বারাকপুর এলাকায় দুষ্কৃতীদের গ্রেফতার ও সমস্ত বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। এদিন নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেন ভাটপাড়ার ঘরছাড়া তৃণমূল কর্মীরা। নবান্নের তরফে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত তাঁরা ফিরহাদ হাকিমের বাড়িতেই থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আগামী ৭ ই জুন নবান্নে রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রশাসনিক পর্যায়ে নির্বাচনের পর্যালোচনা করা হবে বলে নবান্ন সূত্রের খবর।

আরও পড়ুন: ফেক নিউজ ছড়ানোর অভিযোগে ধৃত ২ ABVP কর্মী

এর আগে ভোট চলাকালীন কমিশন যে সমস্ত আধিকারিকদের পদ থেকে সরিয়ে দিয়েছিল, ভোট মেটার পর তাদের ফের স্বপদে ফিরিয়েছিল রাজ্য। এবারও তাই হল, কেবল ব্যতিক্রম অত্রি ভট্টাচার্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal