Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

অধিকাংশ কাউন্সিলর বিজেপিতে, নৈহাটি পুরসভায় প্রশাসক বসাল রাজ্য

সম্প্রতি ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯ জন যোগ দিয়েছেন বিজেপিতে

অধিকাংশ কাউন্সিলর বিজেপিতে, নৈহাটি পুরসভায় প্রশাসক বসাল রাজ্য

অনাস্থা ঠেকাতে নৈহাটি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর মঙ্গলবার দল বদল করে বিজেপিতে যোগ দেন। এরপর শুক্রবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিজেপি। এই অবস্থায় দাঁড়িয়ে নৈহাটি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য। শুক্রবার নবান্নে পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পুর দফতরের প্রধান সচিব সহ দলের শীর্ষ কর্তারা দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। তৃণমূল ত্যাগী ওই কাউন্সিলরদের সাহায্যে বিজেপির অনাস্থা প্রস্তাব ঠেকাতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে, নবান্ন সূত্রে খবর।
নৈহাটি পুরসভার ৩১ আসনের মধ্যে ২৯ জন কাউন্সিলর সম্প্রতি নাম লিখিয়েছেন বিজেপিতে। কয়েকদিন আগেই নৈহাটি পুরসভার প্রশাসনিক ভবনে হামলা চালায় কিছু দুষ্কৃতী। অন্যদিকে, বৃহস্পতিবার ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করাচ্ছেন সদ্য তৃণমূলত্যাগী বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছিলেন কোনওরকম অশান্তি বরদাস্ত করবেন না তিনি। এই প্রেক্ষিতে নৈহাটি পুরসভায় প্রশাসক বসাচ্ছে রাজ্য।

আরও পড়ুন: বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের জের, ফের বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal