Take a fresh look at your lifestyle.

মেহুল চোকসিকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি, আদালতে জানাল ইডি

দেশে না ফেরার জন্য স্বাস্থ্যের বাহানা দিচ্ছিলেন তিনি, এবার মেহুল চোকসিকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। ইডি চাইছে, যত দ্রুত সম্ভব এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে মেহুল চোকসিকে দেশে ফেরাতে। শুক্রবার ইডির পক্ষ থেকে এ কথা জানানো হল আদালতে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ঋণখেলাপিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি ও তাঁর আত্মীয় নীরব মোদী দেশ ছেড়েছেন ২০১৮ সালে। বর্তমানে অ্যান্টিগুয়া ও বারবুডার নাগরিকত্ব নেওয়া মেহুল চোকসি নানা অছিলায় তাঁর বিরুদ্ধে তদন্ত এড়াতে চাইছেন বলে আদালতে অভিযোগ করল ইডি। গত সপ্তাহেই বম্বে হাইকোর্টে হলফনামা দিয়ে মেহুল চোকসির আইনজীবী দাবি করেন, তিনি মোটেই ঋণের দায় এড়াতে দেশ ছাড়েননি। নিজের চিকিৎসা করাতে বিদেশে রয়েছেন তিনি। মেহুল চোকসি আরও জানান, চিকিৎসা শেষ হলেই দেশে ফিরবেন তিনি। কিন্তু অ্যান্টিগুয়া থেকে এদেশে সরাসরি বিমান না থাকায় ফিরতে পারছেন না, কারণ এত লম্বা বিমান যাত্রার ধকল তিনি নিতে পারবেন না।
এর পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্টে পাল্টা হলফনামা দিয়ে ইডি দাবি করেছে, অভিযুক্ত ব্যবসায়ীকে দেশে ফেরাতে সবরকম সাহায্য করতে প্রস্তুত তাঁরা। মেহুল চোকসির শারীরিক অবস্থার খেয়াল রেখে এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নেওয়া হবে, সেই বিমানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইডির অভিযোগ, তদন্ত এড়াতেই শারীরিক সমস্যার দোহাই দিচ্ছেন মেহুল চোকসি। হলফনামায় ইডির দাবি, ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি তদন্ত প্রভাবিত করে আসছেন। তদন্তকারী সংস্থা এও জানায়, দেশ ছাড়ার সময় নিজের সব সম্পত্তি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন অভিযুক্ত হীরে ব্যবসায়ী। এরপরও মেহুল চকসি অভিযোগ করেন, ভারতে তাঁর ৬ হাজার ১২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি ইডির। নতুন হলফনামায় ইডির অভিযোগ, চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা জারি হয়েছে, ইন্টারপোলও রেড নোটিস জারি করেছে তাঁর বিরুদ্ধে। তাই এসব এড়াতেই বিদেশ থেকে না ফেরার অজুহাত খুঁজছেন পিএনবি মামলার অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।

Comments are closed.