Take a fresh look at your lifestyle.

ধর্ষণ মামলায় ২৪ শে জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না কোডিয়ারি বালাকৃষ্ণণের ছেলে বিনয়কে, জানাল মুম্বই আদালত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এক মহিলার সঙ্গে সহবাসের ঘটনায় ধর্ষণে অভিযুক্ত কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণের ছেলে বিনয়কে আগামী ২৪ শে জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল মুম্বইয়ের আদালত। আইন আইনের পথে চলবে, ছেলেকে বাঁচাতে তিনি বা তাঁর দল কোনও চেষ্টা করবে না, মন্তব্য কোডিয়ারি বালাকৃষ্ণণের।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন বিনয়, এই মর্মে গত ১৩ ই জুন মুম্বইয়ের ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের পেশায় বার ডান্সার এক মহিলা। বছর তেত্রিশের ওই মহিলার আরও অভিযোগ, তাঁদের পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে।
গ্রেফতারি পরোয়ানা এড়াতে মুম্বইয়ের দিনদোশী কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন কেরল সিপিএমের রাজ্য সম্পাদকের পুত্র বিনয় কোডিয়ারি। শুক্রবার তাঁর আইনজীবী অশোক গুপ্ত পাল্টা ব্ল্যাকমেলের অভিযোগ আনেন অভিযোগকারিণীর বিরুদ্ধে। আদালতে তিনি সওয়াল করেন, থানায় নিজেকে কুমারী বলে জানালেও, মাস ছয়েক আগে বিনয়কে নিজের স্বামী বলে দাবি করে আইনি নোটিস পাঠিয়েছিলেন অভিযোগকারিণী। সে সময় সন্তান ও নিজের জন্য ৫ কোটি টাকা দাবি করেছিলেন ওই মহিলা, আদালতে জানান বিনয়ের আইনজীবী। তাঁর প্রশ্ন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিনয় বালাকৃষ্ণণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন অভিযোগকারিণী, তাহলে এত বছর কেন তিনি নীরব ছিলেন?
অন্যদিকে, অভিযোগকারিণীর আইনজীবীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তা রক্ষা করেননি বিনয়। এমনকী কেরলে তাঁর বিয়ের খবরও চেপে গিয়েছেন বিনয়, জানাননি সন্তান থাকার কথাও। অভিযুক্তের ডিএনএ টেস্টের দাবি জানান অভিযোগকারিণীর আইনজীবী।

Comments are closed.