Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

SBI, PNB সহ ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে দেশে! বাকি সব ব্যাঙ্ককেই বেসরকারিকরণের সিদ্ধান্ত কেন্দ্রের

ব্যাঙ্কগুলির জন্য তৈরি হচ্ছে স্বেচ্ছাবসর নীতি

SBI, PNB সহ ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে দেশে! বাকি সব ব্যাঙ্ককেই বেসরকারিকরণের সিদ্ধান্ত কেন্দ্রের

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ছাড়া মাত্র তিনটি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত থাকবে। বাদবাকি ৮ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককেই বেসরকারিকরণ করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিচালন ব্যবস্থাকে কর্পোরেট ধাঁচের করে তোলার জন্য ধীরে ধীরে ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপের অংশ হিসেবে আরও কিছু ব্যাঙ্ককে সংযুক্তিকরণের পরিকল্পনাও রয়েছে বলে খবর। তাছাড়া আসছে স্বেচ্ছাবসর সংক্রান্ত তাৎপযপূর্ণ সিদ্ধান্ত। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) নতুন স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করেছে। অন্য কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রেও এই স্বেচ্ছাবসর প্রকল্প চালুর প্রস্তুতি চলছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক সংস্কার সংক্রান্ত একটি ব্লু প্রিন্ট তৈরি করে সরকারকে জমা দিয়েছে নীতি আয়োগ। এর আগে চলতি আর্থিক বছরেই ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে পরস্পরের সঙ্গে মিশিয়ে দিয়ে চারটি ব্যাঙ্কে পরিণত করা হয়েছিল। এবার ব্যাঙ্কের সংখ্যা ও ব্যাঙ্কিং সেক্টরের আয়তন আরও কমানো হবে। সরকার চাইছে, সরাসরি চারটি স্বয়ংসম্পূর্ণ ব্যাঙ্ক থাকবে সরকারের হাতে। সেগুলি হল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক।
চলতি আর্থিক বছরের মধ্যেই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ইউকো ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কের যে শেয়ার সরকারের হাতে রয়েছে তা বেসরকারি সংস্থার কাছে দ্রুত বিক্রি করার নির্দেশ এসেছে খোদ পিএমও থেকে।
এর আগে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরণের মাধ্যমে ১২টিতে নামিয়ে এনেছিল কেন্দ্র।
এখন শোনা যাচ্ছে, এগুলি ছাড়াও বাকি কিছু ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ হবে। প্রাথমিকভাবে ২৬ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা করা হবে। বাকি অংশ থাকবে সরকারের হাতে। কিন্তু এই বেসরকারিকরণ প্রক্রিয়া বাস্তবায়িত না হলে সেগুলিও সংযুক্তিকরণ করে দেওয়া হবে চারটি প্রধান ব্যাঙ্কের সঙ্গে। তবে এসব হবে স্বেচ্ছাবসর প্ল্যানের পর।
ব্যাঙ্কিং সংস্কারের অন্যতম প্রধান পরিকল্পনা হতে চলেছে স্বেচ্ছাবসর প্রকল্প। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই সেকেন্ড ইনিংস ট্যাপ ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম ঘোষণা করেছে। প্রতি বছর ডিসেম্বর মাস থেকে এই প্রকল্প তিন মাসের জন্য চালু থাকবে। এই স্বেচ্ছাবসর প্রকল্পে যে আগ্রহীরা আবেদন করবেন, তাঁদের যতদিন চাকরির মেয়াদ রয়েছে, সেই সময়সীমার মোট প্রাপ্য বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হিসেবে। সারা দেশে এসবিআই-র প্রায় আড়াই লক্ষ কর্মী রয়েছেন। করোনা পরিস্থিতি ও লকডাউন পর্বে অনেক কর্মীই নিয়মিতভাবে অফিসে যাতায়াত করতে পারছেন না। তাছাড়া একটি শহর থেকে অন্য শহরে বদলি প্রক্রিয়াও আটকে যাচ্ছে। এই কারণে গত পাঁচ মাসে স্বেচ্ছা অবসর সংক্রান্ত আবেদন জমা পড়ার প্রবণতা বেশ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছু ব্যাঙ্কই বয়স্ক এবং অসুস্থ কর্মী ও অফিসারদের স্বেচ্ছা অবসর গ্রহণের বিকল্প দিচ্ছে। এভাবেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মীসম্পদের গড় বয়স কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রীর মৃত্যুর পর গাড়ির পিছনের সিটেও সিট বেল্ট না পরলে জরিমানা ঘোষণা কেন্দ্রের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation