সদ্য মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সলমন খান অভিনীত সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। যা ইতিমধ্যেই বক্স অফিসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ মাত্র তিন দিনেই এই সিনেমাটি আয় করেছে প্রায় ২০ কোটি টাকা। এবার সেই সাফল্য জারি রাখতেই অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে প্রচার চালানোর।
সেই মতই এদিন তিনি পৌঁছে গিয়েছিলেন গুজরাতের সবরমতী আশ্রমে। যেখানে আশ্রম ঘুরে দেখা ছাড়াও আশ্রম এর বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় সলমন খানকে। প্রথমে তিনি এদিন সবরমতী আশ্রম এর হৃদয় কুঞ্জ ঘুরে দেখেন। তারপরে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত এই আশ্রমের ট্র্যাডিশন মেনে চরকায় সুতো কাটতে দেখা যায় তাকে।
আশ্রমের তরফে এক ব্যক্তি জানিয়েছেন প্রথমবার সুতো কাটতে বসে অনেকেই সঠিকভাবে তা করতে পারেন না। তবে সলমন খান কিন্তু নিখুঁতভাবে সুতো কেটে চমকে দিয়েছেন সকলকে। বলাই বাহুল্য প্রিয় অভিনেতাকে এদিন এলাকায় দেখার সুযোগ পেয়ে আশ্রমের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।
তবে অত্যন্ত কড়া প্রহরা ছিল অভিনেতার চারিপাশে। গোটা বিষয়টি নিয়ে অভিনেতা জানিয়েছেন নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমার প্রচার চালাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন আশ্রমের তরফে তার হাতে উপহার হিসেবে একটি চরকার প্রতিমূর্তি তুলে দিতে দেখা গিয়েছে।




