শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। নিম্নচাপের জেরে গত ক’দিন ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও ভ্যাপসা গরমের একটা অস্বস্তি রয়েছেই। এর মধ্যেই ফের নতুন নিম্নচাপের খবর দিল হওয়া অফিস। যার জেরে আগামী ৪৮ ঘন্টার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বঙ্গোপসাগরের ওপরে নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার ফলে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
এবছর বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। যার ফলে চাষবাসেও ব্যাপক প্রভাব পড়েছে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাসে কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। তবে তীব্র ঝড়-বৃষ্টির কারণে উপকূলের জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। ত্রাণ সামগ্রী সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: বাংলায় এনআরসি নয়, ফের হুঁশিয়ারি মমতার




