Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

ফের রাজীব কুমারের খোঁজে হানা সিবিআইয়ের, সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হতে নোটিস

ফের অস্বস্তিতে রাজীব কুমার

ফের রাজীব কুমারের খোঁজে হানা সিবিআইয়ের, সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হতে নোটিস
ফের রাজীব কুমারের খোঁজে হানা দিল সিবিআই। রবিবার সন্ধ্যেবেলা সিবিআইয়ের চার সদস্যের দল রাজীব কুমারের খোঁজে লাউডন স্ট্রিটে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে যায়। কিন্তু সেখান থেকে জানানো হয়, রাজীব কুমার সেখানে থাকেন না। তারপর ৩৪ পার্ক স্ট্রিটে ডিসি সাউথের অফিস এবং আইপিএস কোয়ার্টারে যায় সিবিআই দল। সূত্রের খবর, সোমবার সকাল ১০ টার মধ্যে রাজীব কুমারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে হাজিরা দিতে নোটিস দেওয়া হয়েছে।
এর আগে রাজীব কুমার কলকাতার সিপি থাকাকালীন  তাঁর সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই, যার জেরে মুখ্যমন্ত্রী ধরণায় বসেছিলেন। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমার শিলংয়ে সিবিআই জেরার মুখোমুখি হন। এরপর সিবিআই ফের সুপ্রিম কোর্টে জানায়, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি, তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। এরপর রাজীব কুমারকে গ্রেফতারির ব্যাপারে রক্ষাকবচও তুলে নেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে আইনজীবীদের ধর্মঘটের জন্য রাজীব কুমার আগাম জামিনের আবেদন করতে পারেননি।
রবিবার সন্ধ্যায় সিবিআই দল লাউডন স্ট্রিট, ডিসি সাউথের অফিস এবং শেষে ভবানী ভবনে গিয়ে রাজীব কুমারের নামে নোটিস দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলে।
এর ফলে নতুন করে অস্বস্তিতে পড়লেন রাজীব কুমার। সোমবার সকালেই তাঁর আগাম জামিনের আবেদন করার কথা ছিল বারাসত কোর্টে। তার আগে রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের এই তৎপরতায় নতুন সমস্যায় পড়লেন তিনি। প্রসঙ্গত,সারদা চিট ফান্ড মামলায় তাঁর বিরুদ্ধে তথ্য, প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছে সিবিআই। যদিও রাজীব কুমার বারবার আদালতে জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিযোগ আনছে সিবিআই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal