উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এবারের উত্তরবঙ্গ সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েক দিন তিনি উত্তরবঙ্গে থাকবেন।
আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা; দক্ষিণবঙ্গে কবে?
উত্তরবঙ্গে প্রশাসনিক সভা করবেন তিনি। সেই সঙ্গে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আদলে উত্তরবঙ্গের ৮ জেলার ব্যবসায়ীদের নিয়েও বিশেষ বৈঠক করার কথা রয়েছে তাঁর। যদিও এই বৈঠক কোথায় হবে সে সম্পর্কে এখনও জানা যায়নি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে বিশেষ কোনও বদল না হলে, ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে পৌঁছে ৮ ডিসেম্বর পাহাড়ে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চলে যাবেন ডুয়ার্স। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন তিনি। এর মাঝে ৭ ডিসেম্বর উত্তরবঙ্গের ব্যাবসায়ীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এবারের পাহাড় সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর।




