ফের প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর্জি জানালেন করোনায় লড়াই করতে প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রীতে কর ছাড়ের।
প্রধানমন্ত্রী মোদীকে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও অক্সিজেন, ওষুধ, টিকার মত করোনা মোকাবিলার সরঞ্জাম সরবরাহে গতি আনার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মোদীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই কঠিন সময়ে অনেক সংগঠন, সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চাইছে। তারা কেউ অক্সিজেন সিলিন্ডার দিতে চান কেউ অক্সিজেন তৈরির প্লান্ট বসিয়ে দিতে চান। তারা সবাই রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে কর ছাড়ের। কর কাঠামো যেখানে কেন্দ্রের এক্তিয়ার সেখানে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, চিকিৎসা সরঞ্জামে কর ছাড় দেওয়া হলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারের প্রভূত সুবিধা হবে।