বিনোদন ডেস্ক, দ্য বেঙ্গল স্টোরি: বলিউড তারকা আমির খান এবং টুইঙ্কল খান্নার বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে কারও অজানা নয়। তবে ২০০০ সালে ‘মেলা’ (Mela) ছবির শুটিং চলাকালীন এমন এক ঘটনা ঘটেছিল, যখন টুইঙ্কলের উপর মারাত্মক রেগে গিয়েছিলেন আমির, এমনকি তাঁকে প্রায় চড় মারতেও উদ্যত হয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
শুটিং সেটে অন্যমনস্ক টুইঙ্কল সম্প্রতি সমাজমাধ্যমে আমির এবং টুইঙ্কলের একটি পুরনো সাক্ষাৎকারের কথোপকথন নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে ‘মেলা’ ছবির শুটিংয়ের দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমির জানান, একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল এবং টুইঙ্কল বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। আমির যখন তাঁকে এর কারণ জিজ্ঞাসা করেন, তখন টুইঙ্কল অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিলেন যে, তিনি অক্ষয় কুমারের কথা ভাবছেন। এই উত্তর শুনেই মেজাজ হারিয়েছিলেন আমির।
‘মানুষকে অপমান করায় সিদ্ধহস্ত ও’ আমির খান মজা করে জানান, টুইঙ্কলের ওই কথা শোনার পর তাঁর মনে হয়েছিল সপাটে এক চড় কষান। তবে বন্ধুত্বের খাতিরে তিনি তা করেননি। এখানেই শেষ নয়, টুইঙ্কলের স্পষ্টবাদিতা নিয়েও মুখ খোলেন আমির। অভিনেতা জানান, টুইঙ্কল মুখের উপর সত্যি কথা বলতে দু’বার ভাবেন না। আমিরের কথায়, “মানুষকে অপমান করার বিষয়ে টুইঙ্কল একজন বিশেষজ্ঞ।” তাঁর এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুন: “কালো বিধবা” বলে দেবলীনার পোস্টে বর্ণ বিদ্বেষী কমেন্ট করে বসলেন নেটিজেন!
অভিনয়ে মন ছিল না টুইঙ্কলের ‘মেলা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর টুইঙ্কল অভিনয় জগৎ থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ‘মিসেস ফানি বোনস’ (Mrs Funnybones) ছদ্মনামে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। অন্যদিকে, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনও বলিউডের অন্যতম সফল উদাহরণ। পুরনো এই মজার ঘটনার স্মৃতিচারণ নেটিজেনদের আরও একবার বিনোদন জুগিয়েছে।




