দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। তবে বিয়ের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমির খানের পরিবারের একটি ভিডিও। যেখানে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁর হবু স্ত্রী গৌরীকে।
এক ফ্রেমে দুই প্রাক্তন ও হবু স্ত্রী সম্প্রতি একটি পারিবারিক ভ্রমণের শেষে আমির খানের গোটা পরিবারকে এক ফ্রেমে ক্যামেরাবন্দি করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসে রয়েছেন আমির। পিছনের সিটে কিরণ রাও এবং ছেলে আজাদ রাও খানের সঙ্গে বসে রয়েছেন গৌরী স্প্র্যাট। পরে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তও সেই গাড়িতে ওঠেন। গাড়ি থেকে নামার সময় কিরণ এবং গৌরীকে নিজেদের মধ্যে খোশমেজাজে গল্প করতে এবং হাসাহাসি করতে দেখা যায়। দুই প্রাক্তন স্ত্রী এবং হবু স্ত্রীর মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে নেটিজেনরাও অবাক হয়েছেন। অনেকেই এই দৃশ্যকে ‘আধুনিক পরিবার’ বা ‘মডার্ন ফ্যামিলি’ বলে আখ্যা দিয়েছেন।
আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে আমির গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ৫ জুলাই বিয়ের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। অভিনেতা জানিয়েছেন, বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং আগামী ৫ জুলাই একেবারে ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এর আগে অভিনেতা জানিয়েছিলেন যে বিয়ে করা তাঁদের তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল না, তবে তাঁরা নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত।
কে এই গৌরী স্প্র্যাট? পেশায় ফ্যাশন স্টাইলিস্ট এবং ফটোগ্রাফার গৌরী স্প্র্যাটের সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে পরিচয় রয়েছে আমিরের। জানা গিয়েছে, গৌরী বিশেষ হিন্দি ছবি দেখেন না এবং বলিউডের চাকচিক্য থেকে তিনি অনেকটাই দূরে থাকেন। আমিরের নিজস্ব প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন গৌরী। তাঁর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। সব মিলিয়ে আমিরের এই আসন্ন বিয়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে চমৎকার সমীকরণ নিয়ে এখন বলিউডে জোর চর্চা চলছে।