Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

Lock Upp Season 2: আর সঞ্চালক থাকছেন না কঙ্গনা রানাউত, আসল কারণ খোলসা করলেন একতা কপূর

ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’। তবে এবারের সিজনে কঙ্গনা রানাউতের বদলে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে ফারহা খান এবং রিতেশ দেশমুখকে।

Lock Upp Season 2: আর সঞ্চালক থাকছেন না কঙ্গনা রানাউত, আসল কারণ খোলসা করলেন একতা কপূর

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’ (Lock Upp Season 2)। তবে এবারের সিজনে সঞ্চালকের ভূমিকায় আর দেখা যাবে না বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে। তাঁর বদলে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন ফারহা খান এবং রিতেশ দেশমুখ। কিন্তু প্রথম সিজনের আকাশছোঁয়া সাফল্যের পরেও কেন হঠাৎ কঙ্গনাকে বাদ দেওয়া হল? সম্প্রতি মুম্বইয়ে এই শোয়ের আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠানে সেই আসল কারণ খোলসা করলেন প্রযোজক একতা কপূর।

খোলসা করলেন একতা কপূর

মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে ‘লক আপ: সচ ইয়া সাজা’ (Lock Upp: Sach Ya Sazaa) নামের এই নতুন সিজনের ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন একতা কপূর, রিতেশ দেশমুখ, ফারহা খান এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল। কঙ্গনাকে বাদ দেওয়ার প্রসঙ্গে একতা বলেন, ‘শোয়ের পুরো ফরম্যাট, ভিশন এবং দর্শক কাঠামো বদলে গিয়েছে। আমরা আগের জেলার বা জজ ফরম্যাট রাখছি না। পুরনো কোনও কিছুই এই সিজনে থাকছে না।’

তিনি আরও বলেন, ‘সঞ্চালক থেকে শুরু করে জেলার, সবকিছুই নতুন করে সাজানো হয়েছে। পুরনো বিষয়গুলো রাখলে শোয়ের ব্র্যান্ডিংয়ে নতুনত্ব আসত না। আমার বিশ্বাস, কঙ্গনা এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারবেন।’

আরও পড়ুন: আগের বিয়ের ছবি নেই বলে Ismart Jodi-র মঞ্চে বাদামকাকু ভুবন বাদ্যকর আর তাঁর স্ত্রীর আবার বিয়ে দিলেন জিৎ, ভাইরাল ভিডিও

বদলে গেল প্ল্যাটফর্ম ও সঞ্চালক

প্রথম সিজন সম্প্রচারিত হয়েছিল অল্ট বালাজি এবং এমএক্স প্লেয়ারে। তবে এবারের সিজন আসছে নেটফ্লিক্সে। আগামী ২৭ জুন থেকে প্রতি শনি থেকে বুধবার রাত ৮টায় দেখা যাবে এই রিয়েলিটি শো। নতুন সঞ্চালক হিসেবে রিতেশ দেশমুখ এবং ফারহা খান ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন।

লঞ্চ অনুষ্ঠানে রিতেশ দেশমুখ বলেন, ‘এই শোয়ে প্রত্যেকে নিজের কৌশল নিয়ে আসে, কিন্তু ভেতরে ঢোকার পর সবকিছুর পরীক্ষা হয়। আমি এবং ফারহা একেবারে সামনের সারি থেকে এই রুদ্ধশ্বাস নাটকীয়তা উপভোগ করব।’

কারা থাকছেন প্রতিযোগী?

প্রথম সিজনের মতো এবারেও ১৪ জন জনপ্রিয় তারকা প্রতিযোগীকে একটি জেলের মতো আবহে বন্দি রাখা হবে। টানা ছ’সপ্তাহ ধরে চলবে এই টিকে থাকার লড়াই। ইতিমধ্যেই তিন জন প্রতিযোগীর নাম নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন জনপ্রিয় অভিনেতা রাম কপূর, টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী এবং ‘মিস ইউএই ওয়ার্ল্ড’ খেতাব জয়ী পামেলা সেরেনা। এছাড়া বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাকেও এই শোয়ে দেখা যেতে পারে বলে জোর চর্চা চলছে।

আরও পড়ুন: কাজের জীবনে জুটেছে লাথি-ঝাঁটা, ব্যর্থ হয়েছেন প্রেমে, ছিল খুব কষ্টের জীবন, সোনু নিগমের ব্যক্তিগত জীবন হার মানাবে বড়পর্দার ছবিকেও

প্রথম সিজনে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার রিতেশ ও ফারহার উপস্থিতিতে সম্পূর্ণ নতুন রূপে নেটফ্লিক্সের পর্দায় এই শো কতটা জনপ্রিয়তা লাভ করে, সেটাই দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment