Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

#মিটুঃ মুখ খুললেন ফারহান আখতার, পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বললেন, ‘তিনি লজ্জিত’

সাজিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক হলে তাঁর ক্ষমা চাওয়া উচিত, মত ফারহানের

#মিটুঃ মুখ খুললেন ফারহান আখতার, পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বললেন, ‘তিনি লজ্জিত’

সিনেমা পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন তাঁর আত্মীয় তথা সিনেমা পরিচালক, গায়ক ও অভিনেতা ফারহান আখতার। #মি টু আন্দোলনে সম্প্রতি বিভিন্ন পেশার বিখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হেনস্থা, অভব্য আচরণের অভিযোগ এনেছেন বহু মহিলা। সেরকমই সাজিদ খানের বিরুদ্ধেও উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই বলিউড অভিনেতারা প্রশ্নের মুখে চুপ থাকাই শ্রেয় বলে মনে করেছেন এবং অনেক ক্ষেত্রে এবিষয়ে মিডিয়ার প্রশ্নের মুখে নানা অছিলায় পাশ কাটিয়েছেন। কিন্তু একমাত্র ফারহান আখতারই প্রথম থেকে অভিযোগকারীদের পাশে দাঁড়িয়েছেন। তবে সাজিদের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগের পরিপ্রেক্ষিতে চুপ ছিলেন ফারহান। প্রশ্ন উঠছিল, সাজিদের সঙ্গে আত্মীয়তার জন্যেই কি মুখ খুলছেন না ফারহান ?
দেরিতে হলেও সাজিদ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন ফারহান। ‘উই দ্য ওম্যান’ নামক এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ফারহান আখতার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাজিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলেন, ‘এ প্রসঙ্গে আগে জানলে, তখনই প্রতিবাদ করতাম’। কোনও রাখঢাক না রেখে ট্যুইটেও মহিলা সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন ফারহান। তিনি লেখেন, এ ঘটনায় তিনি দৃশ্যত বিস্মিত ও হতাশ। যখন নিজের পরিবারের কেউ এধরনের কাজ করেন, তখন সেই লজ্জা নিজেরও হয়। সাজিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার উপদেশ দেন ফারহান।
প্রসঙ্গত, অক্টোবর মাসে চিত্র পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন তিন অভিনেত্রী। শার্লিন চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও অহনা কুমার তীব্র ভাষায় সাজিদকে আক্রমণ করেন। সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সমর্থন করেন সাংবাদিক করিশমা উপাধ্যায়ও।
তীব্র বিতর্কের মুখে সাজিদ খান, তাঁর মুক্তি পেতে চলা ছবি, ‘হাউসফুল ৪’ থেকে সরে দাঁড়ান। ওই সিনেমার স্টার কাস্ট থেকে সরানো হয় ‘মি টু’ মুভমেন্টে অভিযুক্ত আর এক অভিনেতা নানা পাটেকরকেও।
ওই অনুষ্ঠানে ফারহান আরও বলেন, তিনি ৫ বছরের বেশি সময় ধরে মহিলাদের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেন করছেন। যেখানে তিনি ২০১৩ সালে ‘ম্যান এগেনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমেনশন’ সোশ্যাল ক্যাম্পেন শুরু করেছিলেন, সেখানে তাঁর পরিবারেরই একজন পুরুষ এমন ঘটনায় অভিযুক্ত হওয়ায় তিনি দুঃখিত ও লজ্জিত।

আরও পড়ুন: শব্দ বাজির বিরুদ্ধে রাজপথে কুকুরের মিছিল, দেখুন ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice