পূর্ব মেদিনীপুরের দীঘায় কর্মী সম্মেলন থেকে ফের একবার গেরুয়া শিবিরকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০২৪-এ লোকসভা ভোট। তার আগেই ফের একবার কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী লোকসভায় বিজেপির হার নিশ্চিত। তাঁর কথায়, আর তো এক বছর টিম টিম করে জ্বলবে, তারপর ভারত থেকেও বিদায় নিতে হবে।
আরও পড়ুন: গত দু’বছরে বাংলায় আত্মঘাতী হননি একজন কৃষকও, NCRB’র রিপোর্টে উল্লেখ
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে দীঘায় কর্মী সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই এদিন একাধিক ইস্যুতে বিজেপি’কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়ান তৃণমূল নেত্রী। ফের একবার পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, একশো দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে বিজেপি। এর পরেই তৃণমূল নেত্রীর কটাক্ষ, আর এক বছর, তারপরেই সারা দেশ থেকেই বিজেপি বিদায় নেবে। এদিন দীঘার কর্মীসম্মেলন সেরে জগন্নাথ মন্দিরের কাজ দেখতে যান মুখ্যমন্ত্রী।




