Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

ভুল করলে স্বীকার করে মানুষের কাছে যান, আলটপকা মন্তব্য করবেন না, বিধায়কদের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন প্রশান্ত কিশোরের সঙ্গেও মিটিং করেন মুখ্যমন্ত্রী

ভুল করলে স্বীকার করে মানুষের কাছে যান, আলটপকা মন্তব্য করবেন না, বিধায়কদের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
‘ভুল করলে স্বীকার করুন, আলটপকা মন্তব্য এড়িয়ে চলুন, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান’, দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনোত্তর পর্যালোচনায় এর আগে দলের শীর্ষস্তরের নেতাদের নিয়ে মিটিং বা জেলাভিত্তিক আলোচনা করেছেন তৃণমূল নেত্রী। ২০২১ সালের বিধানসভার ভোটকে পাখির চোখ রেখে দলের সব নেতা-কর্মীকে কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার দলের সব বিধায়কদের নিয়ে বৈঠকেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ মজবুত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিধায়কদের নিয়ে এই বৈঠকে জনসংযোগকে অধিক গুরুত্ব দিয়েছেন মমতা। দলীয় বিধায়কদের তাঁর নির্দেশ, যদি কোনও ভুল করে থাকেন তা স্বীকার করুন। সেই সঙ্গে আলটপকা মন্তব্য করা থেকে তাঁদের বিরত থাকারও পরামর্শ দেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের থেকে বিধানসভা নির্বাচনের সমীকরণ যে আলাদা, সেটা মাথায় রেখে চলার পরামর্শ দেন বিধায়কদের। সূত্রের খবর, কোচবিহারের অপসারিত তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ভর্ৎসনা করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, আগামী ২১ জুলাই ধর্মতলার শহিদ দিবস সমাবেশকে সামনে রেখে বিধায়কদের নির্দিষ্ট দায়িত্ব দেন তৃণমূল নেত্রী।
২০১৯ লোকসভা ভোটে বিজেপি একলাফে ১৬ টি আসন বাড়িয়ে রাজ্যে ১৮টি আসন দখল করেছে। তৃণমূল ২২টি আসন জিতলেও তাদের ভোট প্রাপ্তির হার পাঁচ শতাংশ বেড়েছে। কিন্তু কংগ্রেস ও বামেদের বস্তুত মুছে দিয়ে মেরুকরণের এই ভোটে বিজেপির ভোট যে হারে বেড়েছে, তাতে স্বস্তিতে নেই তৃণমূল। এই প্রেক্ষিতে দলের বিধায়কদের দলনেত্রী নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন বলে খবর।
এদিন তৃণমূল ভবনে বিধায়কদের সঙ্গে মিটিংয়ের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
বিধায়কদের মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের এলাকা থেকে চারজনের করে নাম পাঠাতে ভোটার তালিকা সংক্রান্ত কাজ দেখাশোনা করার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal