কোনও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, সরকার আপনাদের পাশে আছে। রাজ্যে চলতি এনআরসি বিভ্রান্তি এবং আতঙ্কের জেরে একাধিক মানুষের মৃত্যুর ঘটনার পর এবার ভিডিও বার্তা মুখ্যমন্ত্রীর।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ১০ বছর পর পর দেশের প্রতিটি রাজ্যে জনগণনার কাজ হয়। সেই জনগণনার মাধ্যমে নির্ধারিত হয় ভোটাধিকার প্রাপ্ত মানুষের তালিকা। পাশাপাশি ভোটের আগে ভোটার কার্ড সংশোধন শিবির এবং বছরের বিভিন্ন সময় বসে রেশন কার্ড সংশোধনের ক্যাম্প। কিন্তু এই ক্যাম্পগুলোর কারও সঙ্গেই এনআরসির কোনও সম্পর্ক নেই। বলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি ফের একবার জানিয়ে দেন, কারও কোনও দরকারি নথি হারিয়ে গেলে বা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেলে দুশ্চিন্তা না করে স্থানীয় থানায় ডায়েরি করুন। ডায়েরির কপি দেখিয়েই ফের তৈরি করে নেওয়া যাবে দরকারি নথির প্রতিলিপি।
আরও পড়ুন: দিল্লিতে নেতৃত্বকে পুলিশের হেনস্থা! প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক তৃণমূলের
মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় অভিযোগ করেন, কোনও কোনও ব্যক্তি বা সংগঠন এনআরসি নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। তাঁর পরামর্শ, ওদের কথায় বিভ্রান্ত হয়ে ফাঁদে পা দেবেন না। এরপরই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ভয় পাবেন না। আপনারা বাংলায় আছেন, থাকবেন। আপনাদের নিরাপত্তার সমস্ত দায়িত্ব সরকারের।




