এসএসসি নিয়ে নতুন জট। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার রাত পর্যন্ত মোট ১৮০৬ জন ‘টেন্টেড’ বা অযোগ্য প্রার্থীদের এর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এর পরেই সোমবার নতুন করে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন এসএসসি-র দাগি তালিকার প্রার্থীদের একাংশ।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। এসএসসি-র প্রকাশিত টেন্টেড তালিকায় নাম থাকা প্রায় ৩৫০ জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, ডিভিশন বেঞ্চ এই প্রার্থীদের দাগি হিসেবে চিহ্নিত না করলেও, এসএসসি তাঁদের টেন্টেড তালিকাভুক্ত করেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছিল দাগিদের আলাদা আলাদা ক্যাটিগরিতে ভাগ করতে হবে। এসএসসি তা করেনি বলেও অভিযোগ মামলাকারীর আইনজীবীর।
মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২ সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে দাগি বা টেন্টেড দের তালিকা প্রকাশ করেছে কমিশন। রবিবার পর্যন্ত সেই তালিকায় রয়েছেন মোট ১ হাজার ৮০৬ জন।
আরও পড়ুন: ভোট ভাগাভাগি করে বিজেপির সুবিধা করে দেবেন না, শিলিগুড়িবাসীর কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের




