Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

বনদফতরে লোক নিয়োগ নিয়ে রাজীবের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রিত্ব ত্যাগের পর কটাক্ষ পার্থর

বনদফতরে লোক নিয়োগ নিয়ে রাজীবের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রিত্ব ত্যাগের পর কটাক্ষ পার্থর

‘আড়াই বছর আগে একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’ শুক্রবার মন্ত্রিত্ব ত্যাগ করে সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন রাজীব ব্যানার্জি। তাঁর অভিযোগ, দলের মধ্যে থেকে আর কাজ করতে পারছিলেন না। তাই এই কঠিন সিদ্ধান্ত। যা নিয়ে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল মহাসচিব তথা মন্ত্রী পার্থ চ্যাটার্জি।

শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে পদত্যাগী বনমন্ত্রীকে নিয়ে পার্থ বলেন, ‘বনদফতরের লোক নিয়োগ নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। কাজ করার ইচ্ছে থাকলে এ দলে থেকে অনেক কাজ করা যেত।’ ডোমজুড়ের তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদানের জল্পনা উস্কে দিয়ে পার্থর খোঁচা, ‘যেখানে যাচ্ছেন বুঝবেন কতটা কাজ করা যায়।’ রাজীব সম্পর্কে তাঁর আরও মন্তব্য, দলছাড়ার একটা কারণ খোঁজা হচ্ছিল। কাজ করতে পারছিলেন তো এতদিন কাজ করলেন কীভাবে? সেই সঙ্গে তৃণমূলত্যাগী বিজেপি নেতাদের উদ্দেশে তৃণমূল মহাসচিবের কটাক্ষ, যাঁরা তৃণমূলকে আনুগত্য দেখাতে পারল না, অথচ ক্ষমতা ভোগ করল, তাঁরা এবার বিজেপিতে গিয়ে কী করবেন সেটাই প্রশ্ন।

রাজীব ব্যানার্জির মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে পার্থর আরও কটাক্ষ, বিজেপি এঁদের মুখগুলো ব্যবহার করতে চাইছে। এঁদের বিজেপিতে নেওয়া হচ্ছে যাতে তৃণমূলকে নিয়ে এঁরা বিরূপ মন্তব্য করেন। বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে পার্থর মন্তব্য, তৃণমূলের যাঁদের সম্পর্কে অভিযোগ ছিল তাঁরাই এখন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বিজেপির পুরনো কর্মীরা কোথায়? প্রশ্ন তৃণমূল মহাসচিবের। তিনি যোগ করেন, বিজেপির সাংগঠনিক ক্ষমতা এমনই দুর্বল যে তাদের ভাড়া করা নেতাদের নিয়ে ভরাতে হচ্ছে। বাংলায় মমতার বিকল্প মুখ খুঁজতে গিয়ে পাঁচমেশালি দল তৈরি করছে বঙ্গ বিজেপি, বলেন পার্থ।

আরও পড়ুন: লালার খোঁজে রাজ্য জুড়ে তল্লাশি 

তৃণমূলত্যাগীদের নিয়ে তাঁর আরও মন্তব্য, বিরাট বটগাছের দুটো পাতা ঝরে পড়লে গাছের কোনও ক্ষতি হয় না। নতুন পাতা জন্ম নেয়। যাঁরা অভিযোগ করে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছিল তারা এখন বিজেপিতে। শেষে রাজীব ব্যানার্জির মন্ত্রিত্ব ছাড়া নিয়ে পার্থবাবুর মন্তব্য, ‘এটা যে সঠিক সিদ্ধান্ত নয়, একদিন তাঁরা বুঝবেন। ভোটে মানুষই বিচার করবে এঁদের ভূমিকা।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal