Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

ফের নবান্নে প্রশান্ত কিশোর, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠকে কী আলোচনা, জল্পনা তুঙ্গে

মমতা-প্রশান্ত বৈঠক ঘিরে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে

ফের নবান্নে প্রশান্ত কিশোর, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠকে কী আলোচনা, জল্পনা তুঙ্গে

ফের নবান্নে প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে পৌঁছোন প্রশান্ত কিশোর। নবান্নের চৌদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।

লোকসভা ভোটে বেনজির বিপর্যয়ের মুখে পড়েছে তৃণমূল। বিপুলভাবে বেড়েছে বিজেপি। ভোটের ফলের পরই দলীয় বৈঠকে তৃণমূল নেত্রীর তোপের মুখে পড়েন একাধিক নেতা। বদল করা হয় মন্ত্রিসভায়। বড়সড় রদবদবল করা হয় তৃণমূলের সংগঠনেও। এই প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তৃণমূলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয় প্রশান্ত কিশোরের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন দলের মধ্যে দুর্নীতি সাফাইয়ে। সরকারি কাজ মানুষের কাছে পৌঁছে দিতে যে সব নেতারা কাটমানি নিয়েছেন, তাঁদের টাকা ফেরানোর নির্দেশ দেন মমতা। ইদানীং এই নির্দেশই তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, কাটমানি ইস্যু তুলে ধরে দলে দুর্নীতি সাফাই কি প্রশান্ত কিশোরেরই মস্তিষ্কপ্রসূত? সেই উত্তর জানা না গেলেও, এনআরএস সমস্যা সমাধান হোক কিংবা বুধবার বিধানসভার বক্তৃতা, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গোয়েজেও অনেকেই পরিবর্তন দেখতে পাচ্ছেন। ফলে প্রশান্ত কিশোর এফেক্ট কি শুরু হয়ে গেল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

কখনও নরেন্দ্র মোদী আবার কখনও নীতিশ কুমার, নির্বাচনী বৈতরণী পেরোতে প্রশান্ত কিশোরের জুড়ি নেই। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে প্রশান্তের বুদ্ধিতেই বাজিমাত করেছেন অন্ধ্র প্রদেশের জগন রেড্ডি। এবার সেই প্রশান্ত কিশোর জুটি বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরের টিমে কাজ করতে ইচ্ছুকদের জন্য বিজ্ঞাপনও চোখে পড়ছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে পড়াশোনা উৎসব; খুদেদের স্কুলমুখো করতে অভিনব উদ্যোগ শিক্ষা দফতরের 

বৃহস্পতিবার প্রশান্ত কিশোরের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে কেন্দ্র নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সরকারি প্রকল্পের রূপায়ণ থেকে দলের সাংগাঠনিক বিভিন্ন বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী প্রশান্ত কিশোরের সঙ্গে দফায় দফায় আলোচনার পর মমতা কী পদক্ষেপ নেন, তার দিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা। এদিকে শুক্রবারই ফের দলের সাংগাঠনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার পর এবার তৃণমূল নেত্রী বৈঠক করবেন পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal