Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

আরও মানুষের পাশে রাজ্য সরকার, লক্ষ্মী ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও ৫ লক্ষ মহিলার নাম

আরও মানুষের পাশে রাজ্য সরকার, লক্ষ্মী ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও ৫ লক্ষ মহিলার নাম

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। তফসিলি জাতি-উপজাতিভুক্তরা পাবেন ১২০০, বাকিরা ১০০০ টাকা। এর পাশাপাশি, আগামী ১৫ ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পেও উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, প্রতিশ্রুতি রক্ষা করাই পাখির চোখ মা-মাটি-মানুষের সরকারের।

বৃহস্পতিবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে। তাঁদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হল। সব মিলিয়ে সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। ডিসেম্বর মাস থেকে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়াচ্ছে ২ কোটি ২১ লক্ষ।

চলতি বছর বিধবা ভাতার উপভোক্তা তালিকায় জুড়বে ৪৩ হাজার ৯০০ জন নতুন আবেদনকারীর নাম। এছাড়া বিশেষভাবে সক্ষমকে মানবিক ভাতা পাবেন আরও ১৯ হাজারের বেশি মানুষ। কৃষকবন্ধুর নতুন প্রকল্পে ইতিমধ্যেই ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে ২৯৪৩ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ‘আমার প্রার্থনা মা দুর্গা শক্তি ও সাহস দিক’, বিজয়া দশমীতে টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory