সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেলের শিক্ষা কর্মীদের। তাঁদের জন্য এবার সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে এক্সগ্রাসিয়া দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গ্রুপ সি কর্মীদের জন্য ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে মে মাসের শুরুতে চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য এসএসসির মামলায় রিভিউ করছে রাজ্য।
সুপ্রিম কোর্ট এসএসসি পুরো প্যানেল বাতিল করার কারণে শিক্ষা কর্মীদের বেতন বন্ধ হচ্ছে এপ্রিল মাস থেকে। শনিবার মুখ্যমন্ত্রী জানান, এর মধ্যে সরকার শিক্ষা দপ্তরকে যুক্ত করছে না। সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শিক্ষক, শিক্ষা কর্মী সবার জন্যেই রিভিউ পিটিশন করা হচ্ছে। চাকরি ব্রেক হলে সমস্যা হয়। আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।
