২৯ অক্টোবর শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এই উৎসব চলবে ২ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত। রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব বলে জানা গিয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসব হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। আর বাংলাদেশের হয়ে উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডঃ হাছান মাহমুদ।
এই অনুষ্ঠানে ২৫ টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্য চলচ্চিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র থাকবে। এই উৎসবে মোট ৩৭টি ছবি দেখানো হবে। এইবার দেখানো হবে ‘হৃদিতা’, ‘বিউটি সার্কাস’, ‘হাওয়া ‘, ‘পরান ‘, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপ পুণ্য’, ‘কালবেলা’, ‘চন্দ্রাবতী কথা’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’র মত জনপ্রিয় ছবি। নন্দন ১, ২ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আরও পড়ুন: অভিষেক পৌঁছনোর আগে বিমানবন্দরে রহস্যজনক কালো ব্যাগ ঘিরে বোমাতঙ্ক; ভয় দেখাতে চাইছে, কটাক্ষ তৃণমূলের
কলকাতায় এই চলচ্চিত্র উৎসব এপার বাংলা ও ওপার বাংলার যোগাযোগকে আরও মধুর করে তুলেছে। গত বছর নন্দন-১-এ ৫ দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে ওপার বাংলার ৩২টি জনপ্রিয় চলচ্চিত্র ছিল। এই নিয়ে টানা চার বছর ধরে এই উৎসব হয়ে আসছে।




