ফের ভোটে গুলি চলল। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রের ৩৫ নম্বর বুথে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
উত্তরের শীতলকুচির পর এবার দক্ষিণের বাগদা। ফের বাংলায় রক্তাক্ত হল গণতন্ত্রের উৎসব। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসের অভিযোগ, তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূলের অভিযোগের পর পুলিশ এলাকা থেকে বিজেপির একটি বুথ তুলে দেয়। গেরুয়া শিবির থেকে তার প্রতিবাদ জানানো হয়। সেই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। তখনই কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয় পুলিশকে? উত্তর মেলেনি।
সূত্রের খবর, গোলমাল থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। সন্ধের মধ্যেই নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা পড়ে যাবে। তখন আরও বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ABP Ananda, C Voter Exit Poll: তৃণমূল ১৫২-১৬৪, BJP ১০৯-১২১, মোর্চা ১৪-২৫




