পুজোর ক’দিন ‘ভালোই’ কাটবে। অর্থাৎ বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছিল, তা তেমন নেই। তবে ঘূর্ণাবর্তের জেরে রবিবারের পর উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার জেরে আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এ’কদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে অদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পিঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে ঘূর্ণাবর্ত তৈরি হলে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলো, মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন: পরিবহন দফতর সবুজ সংকেত দিয়েছে, এবার উত্তরবঙ্গে চলবে ইলেকট্রিক বাস




