বরখাস্ত হওয়া আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ গুজরাতের আদালতের। ১৯৯০ সালে পুলিশ হেফাজতে মৃত্যুর একটি মামলায় গুজরাতের এক আদালত বৃহস্পতিবার এই রায় শোনায়। তবে মামলায় দোষী সাব্যস্ত আরও ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে আদালত এখনও শাস্তি ঘোষণা করেনি।
আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হানার ইস্যু ফিরিয়ে এনে ফের বিরোধীদের নিশানা মোদীর, বললেন, ‘যখন দেশের সন্তানরা শহিদ…
ঘটনার সূত্রপাত ১৯৯০ সালে। আইপিএস সঞ্জীব ভাট তখন গুজরাতের জামনগরের অতিরিক্ত পুলিশ সুপার। সেই সময় জাম যোধপুর শহরে একটি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আটক করেন সঞ্জীব ভাট। ধৃতদের মধ্যে প্রভুদাস বৈষ্ণানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রভুদাস বৈষ্ণানির ভাই পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের করেন। এফআইআরে নাম ছিল সঞ্জীব ভাট এবং ৬ অন্য পুলিশকর্মীর। পুলিশ হেফাজতে থাকাকালীন সঞ্জীব ভাট সহ বাকি অভিযুক্ত পুলিশকর্মীদের অত্যাচারেই দাদার মৃত্যু হয়েছে বলে দাবি করেন প্রভুদাস বৈষ্ণানির ভাই। সেই মামলারই বিচার প্রক্রিয়া শেষে বরখাস্ত আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে দিয়েছে গুজরাতের একটি আদালত। বাকি ৬ পুলিশকর্মীকে অবশ্য এখনও সাজা শোনায়নি জামনগর সেশনস কোর্ট।




