Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

সারদা তদন্তে ইডির তলব শতাব্দী রায়, কুণাল ঘোষ সহ ৬ জনকে, ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ

আর্থিক লেনদেন নিয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর

সারদা তদন্তে ইডির তলব শতাব্দী রায়, কুণাল ঘোষ সহ ৬ জনকে, ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ

সারদা মামলায় ফের তৎপর ইডি। এবার একসঙ্গে ৬ জনকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১০ দিনের মধ্যে তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়, তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল ও সারদা এজেন্ট অরিন্দম দাসকে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিভিন্ন নথি ঘেঁটে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, সারদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা গিয়েছে এই ৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বেশ কয়েকবার নগদ টাকাও নিয়েছিলেন কেউ কেউ। কী কারণে তাঁরা এই টাকা নিয়েছিলেন, সেটা হিসাব বহির্ভূত কিনা এবং সেই টাকা কোন খাতে খরচ হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শতাব্দী রায়, কুণাল ঘোষদের।
সূত্রের খবর, ইডির নোটিসের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, এখন সংসদের অধিবেশন চলছে, তাই আপাতত হাজিরা দিতে পারবেন না। অন্যদিকে, সারদা মামলায় ইতিমধ্যেই কারাবাস করেছেন কুণাল ঘোষ, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল এবং সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বা।

আরও পড়ুন: যশ পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, হিঙ্গলগঞ্জে রিভিউ মিটিং মমতার, ভুবনেশ্বরে মোদী

সম্প্রতি সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি, সিবিআই। শিল্পী শুভাপ্রসন্ন থেকে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠকে দীর্ঘ সময় জেরা করেছে সিবিআই এবং ইডি। গত সোমবার রোজভ্যালি চিট ফান্ড মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এর মধ্যে রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে সমন পাঠিয়েছে ইডি। সারদা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ১২ ই জুলাই সাংসদ শতাব্দী রায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে সোমবার ইডি সূত্রে জানা যায়, শতাব্দী রায়ের পাশাপাশি আরও ৫ জনকে তলব করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal