Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

কর্মীদের গ্রামে যাওয়ার নির্দেশ, বললেন, তৃণমূল নতুন মোড়কে ঘুরে দাঁড়াবে, বিজেপিকে ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি মমতার

বিজেপির কাছে কালো টাকার জবাব চাইতে কর্মীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কর্মীদের গ্রামে যাওয়ার নির্দেশ, বললেন, তৃণমূল নতুন মোড়কে ঘুরে দাঁড়াবে, বিজেপিকে ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি মমতার

তৃণমূল কর্মীদের গ্রামে যাওয়ার বার্তা দিয়ে বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ধর্মতলায় ২১ শে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকেই লোকসভা ভোটের ক্ষত মেরামতিতে নামলেন তৃণমূল নেত্রী। কাটমানি ইস্যু যেভাবে রাজ্যজুড়ে স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের একাংশকে বিদ্ধ করেছে, তার বদলা নিতে এবার দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটে তৃণমূল বড় ধাক্কা খাওয়ার পর রাজ্যে এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এদিন প্রথম বড় জনসভা ছিল তৃণমূলের। কেমন জমায়েত হবে, তার থেকেও মানুষের নজর ছিল তৃণমূল নেত্রী কী বলেন তার দিকে। এদিন ভাষণের শুরু থেকেই তীব্র আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে দুর্নীতিগ্রস্তদের দল হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে যেন সরকারি পরিষেবা পেতে টাকা দিতে না হয়, এ কথা মাথায় রেখে একটা মহৎ কথা বললাম। আর, কাটমানি ফেরতের কথা বলে তৃণমূল নেতাদের বাড়ি আক্রমণ করা হচ্ছে। এবার কিন্তু পাল্টা হবে। বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। পাশাপাশি কালো টাকা ফেরানোর দাবি তুলেও বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে বলেও জানান মমতা।
মুখ্যমন্ত্রী এদিন ফের বলেন, কথায় কথায় সিবিআই-ইডিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। একে ডাকছে, তাকে ডাকছে, আরও অনেককে ডাকবে। ডেকে বলা হচ্ছে, বিজেপির নেতাদের সঙ্গে কথা বলতে। আমার কাছে তথ্য আছে, একজন গ্রেফতার হয়েছে, তাঁকে বলেছে এক রাজনৈতিক নেতার নাম বলতে। সে বলেছে, বলতে পারবে না। জেনে রাখুন, আমাকে জেলে পুরলেও কিন্তু বিজেপিতে যাব না।
এরপরই মমতা বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি মানে না। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর মানে না। বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে অপমান করলে একজনও ছাড় পাবে না। কয়েকটা আসন জিতে এমন করছে যেন বাংলা দখল করে নিয়েছে। মুখ্যমন্ত্রী ফের বলেন, বিজেপিকে ভোট দিলে কী হয়, তার উদাহরণ ভাটপাড়া। দু’মাস ধরে মানুষের জীবন বিপর্যস্ত।
এরপরই তৃণমূল কর্মীদের উদ্দেশে মমতা বার্তা, জেলায় যান। গরিব মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। গ্রামে যান। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল নতুন মোড়কে ঘুরে দাঁড়াবে। আগামী ২৬ শে জুলাই থেকে ফের তিনি জেলা সফর শুরু করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, ফের প্রশাসনিক সভা শুরু হবে। পাশাপাশি, একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচিও এদিন ঘোষণা করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে সাড়ে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব, ৪০ লক্ষ্য কর্মসংস্থান; BGBS সমাপ্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal