প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরমকে আরও ৪ দিন সিবিআই হেফাজতের রাখার নির্দেশ দিল আদালত। সোমবার বিকেলে সিবিআইয়ের বিশেষ আদালত এই নির্দেশ দেয়। শুক্রবার চিদম্বরমকে ফের আদালতে পেশ করা হবে।
তদন্তে সহযোগিতা করছেন না পি চিদম্বরম। অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করার প্রক্রিয়া চলছে। তাই আরও ৫ দিনের জন্য চিদম্বরমকে হেফাজতে রাখা দরকার, সওয়াল করে সিবিআই। কিন্তু আদালত পি চিদম্বরমকে ৪ দিনের হেফাজতের নির্দেশ দেয়।
আইএনএক্স মিডিয়া মামলায় গত সপ্তাহে নাটকীয়ভাবে গ্রেফতারির পর থেকে লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। প্রথম দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাঁকে সোমবার আদালতে পেশ করে সিবিআই। সেখানে চিদম্বরমের পক্ষ রাখেন আইনজীবী কপিল সিব্বল।
আরও পড়ুন: রেল ইঞ্জিন তৈরির নিরিখে নজির গড়ল ভারতীয় রেল
আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার এবং ইন্দ্রাণী মুখার্জি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তির নাম তদন্তকারীদের কাছে জানিয়েছেন। তারপরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে পিটার ও ইন্দ্রাণী মুখার্জি নিজের সন্তান শিনা বোরাকে খুনের অভিযোগে জেলবন্দি রয়েছেন।