দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই খোদ মহানগরে। সোমবার বিকেলে আকাশে কালো মেঘ ঘনিয়ে এলেও শেষ পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি, ফলে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে আজ, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
বিকেলেই ৫ জেলায় কালবৈশাখীর সতর্কতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি (IMD) জানিয়েছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই অঞ্চলগুলিতে কার্যত কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? মহানগরে বর্ষার প্রবেশ ঘটলেও স্বস্তির টানা বৃষ্টি এখনও অধরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এর জেরে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: রাজ্যজুড়ে ২৭ টি নার্সিং স্কুল গড়ছে রাজ্য, জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগের ভাবনা
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
টানা বৃষ্টি শুরু না হলে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ পতন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে অস্বস্তিকর গরমের হাত থেকে এখনই পুরোপুরি নিস্তার পাচ্ছে না কলকাতাবাসী।