শীতলকুচি কাণ্ডে সিআইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার ফের একবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আর জেরাতে বিস্ফোরক তথ্য জানিয়েছেন দেবাশিস ধর বলে দাবি সিআইডি সূত্রে।
সিআইডি সূত্রে দাবি দেবাশিস ধর জানিয়েছেন, গুলি চালানোর পর সিআইএসএফ জওয়ানরা বুথ ছেড়ে চলে যান। কিন্তু ‘ফাঁকা’ বুথের কথা নির্বাচন কমিশনকে জানাননি তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর। তদন্তকারীদের তিনি বলেন, ফাঁকা বুথের কথা কমিশনকে জানাতে ভুলে গিয়েছিলেন তিনি!
সিআইডি সূত্রে দাবি দেবাশিস ধর আরও জানান, শীতলকুচির ওই নির্দিষ্ট বুথে দুটি গুলি চালানো ঘটনা ঘটেছে। এফআইআর হয়েছে একটি। পুলিশকর্তার ব্যাখ্যা, দুটি গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জড়িত থাকায় তিনি একটি এফআইআর করেন।
আরও পড়ুন: ২-৩ দিন পর থেকে সামান্য কমবে তাপমাত্রা, উত্তরের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস
সিআইডির দাবি, মঙ্গলবার জেরার মুখে গোয়েন্দাদের কাছে কার্যত ভেঙে পড়েন দেবাশিস ধর। তিনি অনুরোধ করে তাঁকে যেন আর ডাকা না হয়।
ভুলে যাওয়া প্রসঙ্গে দেবশীষের সাফাই, রাতে মৌখিক ভাবে তিনি ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলাকে ফাঁকা বুথের কথা জানান।
পাশাপাশি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন তিনি ঘটনাস্থলে যাননি সেই নিয়েও প্রশ্ন করেন তদন্তকারী আধিকারিকরা। দেবাশীষ জানান, ঘটনার দু’দিন পর ১২ এপ্রিল তিনি সেখানে যান। যদিও সন্ধে হয়ে যাওয়ায় ফিরতে হয়। জানা যাচ্ছে দেবাশিস ধরের এই উত্তরে অসন্তোষ প্রকাশ করেন সিআইডি অফিসাররা।
আরও পড়ুন: আগামী ৪-৫ দিনের মধ্যে রাজ্যে প্রবেশ করবে বর্ষা, জানাল আবহাওয়া দফতর
সূত্রের খবর, প্রথমবার জেরায় কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ৭২ টি প্রশ্ন করা হয়। বুধবারও তাঁকে ৫০ টিরও বেশি প্রশ্ন করা হয়। জানা যাচ্ছে, দেবাশিস ধরকে আবার তলব কড়া হতে পারে।




