রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেল। বৃহস্পতিবারের থেকে ২ হাজারেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত ৭,৪৮৪ জন। এরপর আছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় সংক্রমিতে সংখ্যা ৩ হাজার ১১৮ জন। আর হাওড়ায় সংক্রমিত হয়েছেন ১,৩৬০ জন।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৮ হাজার ২১৩ জন করোনা সংক্রমিত হওয়ার পর মোট ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এখন রাজ্যে সক্রিয় করোনা সংক্রমিত আছেন ৫১ হাজার ৩৮৪।
একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮৬৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৯১২ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৪০ হাজার ৭০৯ জন।
আরও পড়ুন: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলার মহামিছিলে অংশ নেবে ইউনেস্কো
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনাদের অনুরোধ করছি, মাস্কটা দয়া করে পরুন। গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করুন। প্রয়োজনে মাথায় টুপি, কাপড় ব্যবহার করুন। সংক্রমণ আরও বাড়লে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।




