এই মাসেই রাজ্যে আসছেন বিজেপির সরবভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম দিনেই নদীয়াতে সভা করবেন তিনি। নদীয়ার বেথুয়াডহরি জুনিয়র ইস্টবেঙ্গল মাঠে সভা করবেন তিনি। জেপি নাড্ডার সভা উপলক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নদীয়া জেলা বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, সভা করার পাশাপাশি এই সফরে তিনি বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির কিছু নেতৃত্ব।
আরও পড়ুন: খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ড কওসরের ২৯ বছরের জেল
প্রথমে ঠিক ছিল ১৯ তারিখ জেপি নাড্ডার রাজ্য সফরে নদীয়ার পাশাপাশি হুগলির আরামবাগেও সভা করবেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি মাসে জেপি নাড্ডা বাংলা সফরে এসে শুধুমাত্রত নদীয়ার বেথুয়াডহরিতেই সভা করবেন। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও চূড়ান্ত না হলেও সমস্ত রাজনৈতিক দলই বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও।




