স্বস্তির দিন শেষ। চৈত্রের শুরুতেই হুড়মুড়িয়ে বেড়েছে তাপমাত্রা। প্রখর রোদে গোটা দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভবনা নেই। শুষ্ক আবহাওয়ায় জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়াবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: কৃষকবন্ধুর ভাতা দ্বিগুণ মমতার, বছরে ১০ হাজার টাকা পাবেন বাংলার কৃষকরা
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পঙ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে খবর। তবে দক্ষিণবঙ্গের জন্য আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভবনা একেবারেই নেই। যার জেরে তাপমাত্রা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কোথাও কোথাও গরমের অস্বস্তি আরও বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার জেরে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি এবং এখনও পর্যন্ত সর্বচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।




