‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে বুধবার মুম্বাইয়ে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে বেলা অমিতাভ বচ্চনের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী।
বুধবার রাখিবন্ধন উৎসব রয়েছে। তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধ্যে বেলা বিগ বি’র সঙ্গে দেখা করে তাঁকে রাখি পরাবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বচ্চন পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন অভিষেক ব্যানার্জিও। অমিতাভ বচ্চন যতবার কলকাতায় এসেছেন মুখ্যমন্ত্রীকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই এদিন সন্ধ্যে বেলা জলসায় যাবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতি ও শুক্রবার মুম্বাইতে বসবে বিরোধী জোটের বৈঠক। সূত্র মারফত জানা যাচ্ছে, বেঙ্গালুরুর ধাঁচেই হতে চলেছে তৃতীয় বৈঠক। প্রথম দিনে বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের মধ্যে কথোপকথন, প্রাথমিক আলাপচারিতা সারবেন। শুক্রবার হবে মূল বৈঠক।
আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ! দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর
উল্লেখ্য, ইতিমধ্যেই ২৬টি দল ‘ইন্ডিয়া জোটে’ রয়েছে। সূত্রের খবর, মুম্বাইয়ের বৈঠকেও আরও কয়েকটি দল জোটে যোগ দিতে পারে। সবমিলিয়ে বৈঠক শেষে কী বার্তা দেয় বিরোধী জোট, এখন সে দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।