পুজোর আর এক মাসও বাকি নেই। আকাশ বাতাসে পুজোর গন্ধ। রাস্তাঘাটে পুজোর কেনাকাটার ভিড়। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। আর এই আবহে কলকাতায় পুজো দেখতে আসা দর্শনার্থীদের জন্য একটি অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের সেরা পুজো বেছে নিতে পারবেন আপনিও। অনলাইনে ভোট দিয়ে সেরা পুজো নির্বাচন করার সুযোগ পাবে সাধারণ মানুষ।
শুক্রবার কলকাতা পুরসভায় সেরা পুজো প্রতিযোগিতা কলকাতা শ্রী-র আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতিযোগিতায় ১০টি বিভাগের সঙ্গে যোগ হয়েছে দর্শকদের চোখে সেরা পুজো। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুজো কমিটিগুলোকে শুক্রবার থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। রবিবার ও ছুটির দিন ছাড়া পুরসভা থেকে ফর্ম দেওয়া হবে। ১২ অক্টোবর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।
কলকাতা পুরসভার ওয়েব সাইট http://www.kmcgov.in গিয়ে অনলাইনে ভোট করতে পারবেন দর্শনার্থীরা। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।
আরও পড়ুন: হোটেল, রেস্তরাঁগুলিকে এবার মেনুকার্ডে জানাতে হবে খাবারের ক্যালোরি ও পুষ্টিগুণ




