Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আজীবন কারবাসের সাজা দিল শিয়ালদহ আদালত। গত শনিবার সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সোমবার দুপুর ২টো ৪৫ মিনিটে বিচারক অনির্বাণ দাস ২১০ নম্বর কোর্টরুমে এই সাজা ঘোষণা করেন। আজীবন কারবাসের পাশাপাশি দোষীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায় ঘোষণায় বিচারক বলেন, ঘটনাটি আমার বিরলতম মনে হয়নি। সমস্ত সাক্ষ্য-প্রমাণ দেখেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। মৃতার পরিবারকে মোট ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। খুনের জন্য ১০ লক্ষ টাকা এবং ধর্ষণে ৭ লক্ষ টাকা। মৃতার পরিবারকে এই টাকা দেবে রাজ্য সরকার। এই রায়ের পরই তিলোত্তমার বাবা বলেন, ক্ষতিপূরণ চাই না। মেয়ের ন্যায় বিচার চাই। তাঁর উদ্দেশে বিচারক বলেন, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চান না। আপনারা মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই মামলার শুনানি। সিবিআইয়ের আইনজীবী তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, সঞ্জয়ের আইনজীবী তদন্তের গাফিলতি তুলে ধরেন।

আরও পড়ুন: বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠক করবেন, ট্যুইট করে জানালেন রাজ্যপাল 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory