Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

আদালতের নির্দেশ থাকলেও কেন চালু হয়নি ১০০ দিনের কাজ, কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

আদালতের নির্দেশ থাকলেও কেন চালু হয়নি ১০০ দিনের কাজ, কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ১০০ দিনের কাজ চালু করার ব্যাপারে কেন্দ্রের তরফে রাজ্যকে কিছু জানানো হয়নি।
মামলাকারী পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি বিষয়টি মঙ্গলবার ডিভিশন বেঞ্চের নজরে আনে। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
খেতমজুর সমিতির আইনজীবী জানিয়েছেন, কাজ চালু না-হওয়ার বিষয়টি আদালতের সামনে ১ আগস্ট থেকে তুলে ধরা হয়েছে। রাজ্যে ১০০ দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত কমিশনারের সঙ্গে তাঁরা সরাসরি কথা বলেছেন। রাজ্যের এই পদস্থ কর্তা বলেছেন, কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা না পাঠালে তাঁরা কাজ শুরু করতে পারবেন না।
এই সংক্রান্ত মূল মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৮ অগাস্ট। তার আগে ১ অগাস্ট কাজ চালু না করা নিয়ে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ করে সেদিকেই নজর রয়েছে সকলের। সোমবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান দাবি করেছেন, কেন্দ্রীয় দল এসে যে ১৯টি জেলায় দুর্নীতির রিপোর্ট দিয়েছিল, তার বিরুদ্ধে কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য নেয়নি।

আরও পড়ুন: বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হলেন রাজ-জুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal