ফের ভাঙন তৃণমূলে। সোমবার দিল্লির বিজেপি সদর দফতরে বিজেপিতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা অর্জুন সিংহের শ্যালক সুনীল সিংহ। এবার সুনীলের পথ ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। পাশাপাশি বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলরও একই সঙ্গে বিজেপিতে যোগ দেন।
মঙ্গলবার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী সাফ জানিয়েছিলেন, যাঁরা দল ছাড়তে চান, তাঁরা যেতে পারেন। মমতার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দিল্লির সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের এক তৃণমূল বিধায়ক এবং ১২ জন কাউন্সিলর। এর ফলে গারুলিয়ার পর এবার বনগাঁ পুরসভাও তৃণমূলের হাতছাড়া হল।
এদিন দিল্লির বিজেপি দফতরে দল বদল করাতে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ। দল বদলের আনুষ্ঠানিকতার পর কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই দলে দলে মানুষ বিজেপির ছাতার তলায় আসতে চাইছেন। তৃণমূল অবশ্য বিশ্বজিতের দল ছাড়াকে গুরুত্ব দিতে নারাজ।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বুধ-বৃহস্পতিবার বন্ধ হাই কোর্ট, পিছোল নারদ শুনানি




