Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 July 2026

জামিন মঞ্জুরের ৫৩ দিন পর অবশেষে মুক্ত জেলে বসে সেট পাশ করা মাওবাদী নেতা অর্ণব দাম

মুক্তি পেয়েই গবেষণায় ডুব দেবেন অর্ণব দাম

জামিন মঞ্জুরের ৫৩ দিন পর অবশেষে মুক্ত জেলে বসে সেট পাশ করা মাওবাদী নেতা অর্ণব দাম

জামিন পেয়েছিলেন গত ১১ ই এপ্রিল। জেল থেকে মুক্তি পেতে লেগে গেল প্রায় দু’মাস। শেষ পর্যন্ত সোমবার রাতে হুগলি জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্তমানে সুভাষগ্রামের বাড়িতেই থাকবেন জেলে বসে সেট পাশ করে ইতিহাস তৈরি করা অর্ণব দাম।

অর্ণব দামের বিরুদ্ধে ছিল মোট ৩১টি মামলা। তার মধ্যে ৩০ টি মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন। বাকি ছিল কেবল শিলদা ইএফআর ক্যাম্পে হামলার মামলা। গত ১১ ই এপ্রিল সেই মামলাতেও জামিন পান মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। জামিন মঞ্জুর করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপর জামিনের শর্ত পূরণ করতে নাভিশ্বাস ওঠে অর্ণবের আইনজীবীর। শর্ত পূরণ করার পরই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় আদালতে আইনজীবীদের কর্মবিরতি। ফলে দীর্ঘায়িত হয় অর্ণবের মুক্তির প্রক্রিয়া। শেষপর্যন্ত ৩ রা মে, হুগলি সংশোধনাগারে এসে পৌঁছয় অর্ণবের মুক্তি সংক্রান্ত সমস্ত ছাড়পত্র, সেদিন রাতেই মুক্তি দেওয়া হয় জেলে বসে সেট পাশ করা অর্ণব দামকে। ছেলের মুক্তির খবরে খুশি অর্ণবের বাবা-মা।

জামিনের শর্ত অনুযায়ী, অর্ণব দাম তাঁর বাড়ি, সোনারপুর এলাকার বাইরে যেতে পারবেন না। এছাড়াও একদিন অন্তর স্থানীয় সোনারপুর থানায় হাজিরা দেওয়ার শর্তও তাঁর উপর আরোপ করেছে হাইকোর্ট।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বড়দিনের আগেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

সম্প্রতি জেলে বসে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্টে (সেট) সফলভাবে উত্তীর্ণ হয়ে ইতিহাস রচনা করেছেন অর্ণব দাম ওরফে বিক্রম। ২০১২ সালে আসানসোল থেকে পুলিশ গ্রেফতার করে মাওবাদী নেতা বিক্রমকে। তারপর থেকে জেলেই ছিলেন মাওবাদীদের এই তরুণ নেতা। প্রেসিডেন্সি জেলে বসেই আইআইটি ড্রপআউট অর্ণব একের পর এক পাস করেছেন বিএ, এমএ এবং সর্বশেষ সেট। পিএইচডির বিষয়ও নির্বাচন করে ফেলেছেন অর্ণব দাম। পরিবেশের ইতিহাস নিয়েই গবেষণা করবেন তিনি। পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে তা কীভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে, গবেষণায় তা তুলে ধরতে চান মাওবাদী নেতা বিক্রম, বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিৎ শূর।

অবশেষে মুক্তি। পুরো প্রস্তুতি নিয়েই গবেষণায় ডুব দিতে চান ছেলেবেলায় অঙ্কের জাদুকর নামে পরিচিত অর্ণব দাম।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal